এবার প্রযুক্তির বিশ্ব-পদক জিতলেন মা
দেশের তথ্যপ্রযুক্তি খাতে বৈপ্লবিক পরিবর্তন ও অবদানের জন্য শুক্রবার অ্যাসোসিও লিডার্শিপ সম্মানা পেয়েছে সন্তান। আর আজ শনিবার উইটসা এমিনেন্ট পার্সনস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘উইটসা অ্যাওয়ার্ড অ্যান্ড গোল্ডেন জুবিলি অব বাংলাদেশ’ অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হয়ে এই পুরস্কার ঘোষণা করেন উইটসা প্রেসিডেন্ট ইয়ান্নিস সিরোস। এসময় তার সঙ্গে ছিলেন সংস্থার মহাসচিব জেমস পায়স্যন। প্রযুক্তির শক্তিতে দেশের আর্থ-সমাজিক উন্নয়নের জন্য এই পুরস্কার পেলেন তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পুরস্কার গ্রহণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পুরস্কার হস্তান্তর করেন উইটসা ভাইস চেয়ারম্যান ও বিসিএস সভাপতি শাহিদ উল মুনির। পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম।
এই সম্মাননা ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় নেতৃত্ব দেয়ার অনবদ্য স্বীকৃতি বলে মন্তব্য করেন পলক।
এর আগে এশিয়া-ওশেনিয়া অঞ্চলের ২৪টি দেশের সংস্থা ‘এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২১’ পুরস্কারে ভূষিত হন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পদক হস্তান্তর করেন অ্যাসোসিও ডেপুটি চেয়ারম্যান ডন চোয়াই ও প্রাক্তন চেয়ারম্যান মি: গুল রাখ সারাকানান্দা এবং অ্যাসোসিও সাবেক চেয়ারম্যান ও অ্যাওয়ার্ড কমিটির প্রধান আব্দুল্লাহ এইচ কাফি।
এর আগে ১৯৯৭ সালে এ পুরস্কারে ভূষিত হন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ, ২০০৪ সালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা এবং ২০১০ সালে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।